বিদেশে সময় কাটাচ্ছেন দেশের একঝাঁক তারকা!

বিনোদন ডেস্ক- বর্তমানে দেশের একঝাঁক তারকা নানা কাজে বিদেশে অবস্থান করছেন। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন বিদেশযাত্রার। কেউ গিয়েছেন অনুষ্ঠানে অংশ নিতে, কেউ ছবির কাজে কেউ বা গিয়েছেন অবসর বিনোদনে।

 

জানা যায়, গতকাল বেলা ১১টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। করোনার কারণে প্রায় দুই বছর ঢাকাতেই ঘরবন্দী ছিলেন তিনি। মাঝে কেবল স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে আর করোনার ভ্যাকসিন নিতে বের হয়েছিলেন।

 

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় রুনা লায়লা যাত্রা করেছেন লন্ডনের উদ্দেশে। সেখানে মেয়ে তানি লায়লা আর দুই নাতির সঙ্গে দেখা করতেই রুনার বিদেশ ভ্রমণ। যাওয়ার আগে রুনা লায়লা বলেন, ‘দীর্ঘদিন পর মেয়ের কাছে, নাতিদের কাছে যাচ্ছি—দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন।’

 

বেশ কিছু কাজ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এটাই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ। ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। এ ছাড়া বেশ কিছু স্থানীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর।

 

এরই মধ্যে আলোচনা সেরেছেন নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে, ঘোষণা দিয়েছেন নতুন ছবির। জানিয়েছেন হলিউডেই হবে ছবির বেশির ভাগ শুটিং। আগামী ৪ ডিসেম্বর অংশ নেবেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা।

 

চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র গিয়েছেন আরও অনেক তারকা। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, এস আই টুটুল, বাদশা বুলবুল, কোনালসহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন আফজাল হোসেন, জয়, কুসুম সিকদারসহ অনেকেই। তাঁরা বর্তমানে নিউইয়র্কে আছেন।

 

মৌসুমীও আছেন যুক্তরাষ্ট্রে। মেয়ে ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। ডিসেম্বরের শুরুতে দেশে ফিরবেন এই অভিনেত্রী। তার আগে মেয়ের নাগরিকত্বের আবেদনের পাশাপাশি তাঁকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবেন মৌসুমী। সময় কাটাবেন সেখানে বসবাস করা মৌসুমীর মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গে।

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা মাস খানেক আগেই কানাডায় গিয়েছেন একমাত্র ছেলে অনিকের কাছে। দুই সপ্তাহ আগে সেখান থেকে তিনি গিয়েছেন যুক্তরাষ্ট্রে ভাইদের সঙ্গে দেখা করতে। এখনো সেখানেই রয়েছেন।

 

মেডিকেল চেকআপের জন্য সপরিবারে সিঙ্গাপুরে গেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। মেডিকেল চেকআপের পাশাপাশি পরিবারের সবাই মিলে ঘুরে বেড়াবেন। দেশে ফিরবেন ১২ দিন পর।

 

জয়া আহসান এখন আছেন লন্ডনে। তিনি জানান, ছুটি কাটাতেই মাকে নিয়ে তাঁর এই লন্ডনযাত্রা। লন্ডনে জয়া উঠেছেন ভাইয়ের বাসায়। স্বজনদের বাড়িতে বেড়ানোর পাশাপাশি মা-মেয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। জয়া বলেছেন, ‘করোনার কারণে মাকে নিয়ে বেড়াতে যেতে পারিনি। দুজনে সময়টা বেশ উপভোগ করছি।’

 

চিত্রনায়ক জায়েদ খান ছুটি কাটাতে ভারতের মুম্বাই শহরে অবস্থান করছেন। সেখান থেকে জায়েদ বলেন, ‘মুম্বাই ঘুরে দেখছি, বিভিন্ন ফিল্ম সিটিতেও ঘুরেছি। বিগ বসের সেটে গিয়েছিলাম। এ মাসেই দেশে ফিরব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *