স্পোর্টস আপডেট ডেস্ক- আরেকটি মৌসুম শেষের পথে। পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মোহিত করে রেখেছেন অগণিত খেলোয়াড়। কারো ফর্ম তুঙ্গে আবার কেউ কেউ তাদের ছায়া হয়ে বেড়িয়েছেন মাঠে। বছর শেষে খেলোয়াড়দের পারফর্মের ভিত্তিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে থাকে। বৈশ্বিক ক্রীড়া জগতের বিখ্যাত সংবাদমাধ্যম গোলও এবার সেই ভোটের আয়োজন করেছিল। যেখানে ভোট দিয়েছিলেন দর্শকরা।
সেখানে দর্শকদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আজেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সমর্থকদের প্রত্যক্ষ ভোটেই এবার সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয় হয়েছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোল ডটকম তাদের সাইটে জানিয়েছে, এবারের ‘গোল ফিফটি: টোয়েন্টি টোয়েন্টি ওয়ান’ প্রতিযোগিতায় বর্ষসেরা ৫০ জন ফুটবলারকে বেছে নিতে মোট ১ কোটি ৪০ লাখ ভোট পড়েছে। রোনালদোর চেয়ে ২৪ ভোট বেশি পেয়ে সেরা হয়েছেন মেসি। সোমবার পর্যন্ত এগিয়ে ছিলেন রোনালদো। কিন্তু শেষ দিন তাকে ছাড়িয়ে যান মেসি।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগার সেরা গোলদাতা ছিলেন লিওনেল মেসি। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা। মেসি ও রোনালদোর পর সেরা তালিকায় তিনে ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। চার নম্বরে আছেন লিভারপুলের মিশরীয় সুপারস্টার মোহাম্মেদ সালাহ। আর সেরা পাঁচের শেষ স্থানটি ফ্রান্স ও পিএসজি কিলিয়ান এমবাপের।
সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন হালান্ড (৬), বেনজেমা (৭), কান্তে (৮), কেভিন ডি ব্রুইনা (৯) ও নেইমার (১০)।
চলতি মাসের শেষে জানা যাবে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর জয়ীর নাম। এরপর ঘোষণা করা হবে ক্রমান্বয়ে উয়েফা সেরা খেলোয়াড় ও ফিফা দ্য বেস্ট পুরস্কার।
