বিনোদন ডেস্ক- জনপ্রিয় ফোক শিল্পী ও সংসদ সদস্য মমতাজের গানের তালে আনন্দে ভাসল নাটোরের সিংড়া। বুধবার (১৭ নভেম্বর) রাতে সেখানে তার জনপ্রিয় সব গানে দর্শকরা হয়ে ওঠে আনন্দে মাতোয়ারা।
এদিন সিংড়া উপজেলা কোট মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সেখানেই অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সিংড়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। ভার্চুয়ালি যোগ দিয়ে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এছাড়া আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকসহ অনেকে।
সম্মেলন শেষে সন্ধ্যার দিকে শুরু হয় সংগীত পর্ব। এক পর্যায়ে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেন মমতাজ। তিনি গানে গানে উচ্ছ্বাস ছড়িয়ে দেন সবার মাঝে।
