স্পোর্টস আপডেট ডেস্ক- পাকিস্তানের বিপক্ষে সিরিজে দর্শক আসবে মাঠে। করোনাকালে এই প্রথম বাংলাদেশের কোনো সিরিজে গ্যালারিতে বসে খেলা দেখবেন দেশের ক্রিকেটপ্রেমীরা। স্টেডিয়াম পুরো ভরে যাওয়ার সুযোগ নেই। বিসিবি পঞ্চাশ শতাংশ আসনের টিকিট ছেড়েছে।
এটি ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুসংবাদই। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শেষবার দর্শকেরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। এর পরপরই করোনার আক্রমণে সবকিছুই বন্ধ হয়ে যায়। তবে আজ শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এমনকি এই লড়াইয়ে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানের সমর্থনও দেখা যায়! তাই তো বাবর বলছেন, বাংলাদেশেও তাদের সমর্থক আছে।
গত চার দিন ধরে মিরপুরের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান। স্টেডিয়ামের এক নম্বরে গেটের পাশে একাডেমি অবস্থিতি। সেখানে গেট ও আশপাশ কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সেগুলো ভেদ করে বেশ কিছু দর্শক পাকিস্তানের ক্রিকেটারদের দেখতে হুমড়ি খেয়ে পড়েছে। অন্য কোনও দলের অনুশীলনে এমন আগ্রহ দেখা না গেলেও পাকিস্তানের অনুশীলনে এমনটা প্রায়ই দেখা যায়।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর সেটাই জানালেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।’
দীর্ঘ বিরতির পর মিরপুরে দর্শক ফিরছে। দর্শকদের সামনে খেলতে পারাকে দারুণ ব্যাপার হিসেবে দেখছেন বাবর, ‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করবো এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’
