বিনোদন ডেস্ক- কদিন আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনে তাদের জাতীয় পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এর মধ্যেই যদি শোনা যায় এমন খবর তাহলে তো খুবই চিন্তার বিষয়। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, পাকিস্তানের পতাকা দেখা যাওয়ার কারণ হলো, তাঁদের একাত্তরে নৃশংসতা দেখানোর জন্য একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। আর এ জন্য শীতলক্ষ্যায় শুটিং সেট তৈরি করা হয়েছে।
কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে দুটি নৌকায় পতপত করে উড়ছে পাকিস্তানি পতাকা। নৌকা দুটি ঝাপসাভাবেই দৃষ্টিগোচর হয়। নৌকার মধ্যে পাকিস্তানি বাহিনী রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে। নৌকায় বসা একজন। মাথার ওপর ছাতা ধরে আছে কেউ। পাশে সাদা পাঞ্জাবি-পাজামা পরে দাঁড়িয়ে রয়েছে একজন।
পাশ দিয়ে যাওয়া মাছ ধরা এক নৌকার লোকদের উদ্দেশে চিৎকার করে বলছিলেন, ওই সাহেবকে সালাম দাও। তারাও কিছু না বুঝেই হাত উঁচিয়ে সালাম দিয়ে চলে গেলেন। নৌকা দুটি নদীর তীরে আসা মাত্রই চমকে যাওয়ার পালা। লম্বা দাড়ি, পাঞ্জাবি-পাজামা ও কালো টুপি পরে যে লোকটি সালাম দিতে বলছিলেন, তিনি অভিনেতা সাজু খাদেম। আর ছাতার নিচে বসা লম্বা মোচওয়ালা মেজরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া লোকটি অভিনেতা আজাদ আবুল কালাম।
পুরো সেট আর শুটিং স্পটের এই দৃশ্য ‘মা’র চলচ্চিত্রের। যা নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। এই চলচ্চিত্রে সাজু খাদেমের তিন স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই ও লাবণ্য।
নির্মাতা জানান, দুটি নৌকায় মুক্তিবাহিনীর ওপর হামলা করতে যাচ্ছিল পাকিস্তানি আর্মি। তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন এই মমিনুল হুজুর- এই দৃশ্যটিই এতক্ষণ চিত্রায়ণ হচ্ছিল। তাহলে কি সাজু খাদেমই মমিনুল হুজুর? প্রশ্ন রাখতেই মাথা থেকে টুপি খুলে বলা শুরু করেন সাজু খাদেম, হ্যাঁ আমিই মমিনুল হুজুর। মূলত রাজাকার। পাকিস্তানি বাহিনীর সব অত্যাচারের সাহায্য করে থাকি। এই যে মমিনুল হুজুরের মুখে যে দাড়ি দেখছেন, সেটি কিন্তু নকল না, অরিজিনাল। ছবিটির জন্য দাড়ি রেখেছি, চুল বড় রাখতে হয়েছে, নিয়মিত পান খাচ্ছি। আমি এখন মমিমুল হুজুর। সাজু খাদেম নামটি আপাতত ভুলে গেছি।
কথাগুলো বলতে বলতেই এক খিলি পান মুখে ভরে দিলেন তিনি। হাসিমুখে বললেন, আরও একটি গোপন কথা আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আমার তিন বউ। তারা হলেন- ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই ও লাবণ্য। পর্দায় তার এই তিন বউয়ের বয়স যথাক্রমে ৩০, ২৫ ও ১৮। এই যে সিনেমায় তিন বউ আপনার, বাস্তবে তিন বউ থাকলে কেমন লাগত? প্রশ্ন রাখলে সাজু খাদেম বলেন, ‘বাস্তবে সাজু খাদেম কিন্তু অন্য মানুষ। তাই তিন বউ থাকলে ভালো লাগত না। ম্যানেজ করা সম্ভব নয়।’ বলেই চিরচেনা হাসি হাসলেন এ অভিনেতা।
যুদ্ধকালীন এক মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘মা’। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। গাজীপুরের কাপাসিয়ায় এরই মধ্যে প্রথম লটের শুটিং শেষ। পরের লটে পরীমণির অংশ নেওয়ার কথা। এই লটে শুটিং করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, জুঁই করিম, ফারজানা ছবি, শাহাদৎ হোসেন লাবণ্য প্রমুখ।
