‘এক শর্তে’ চিকন আলীকে ছাড়িয়ে আনলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক- দুই দিন আটক রাখার পর ঢাকাই সিনেমা জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাকে ছাড়িয়ে এনেছেন। চিকন আলী ও শিল্পী সমিতির কোনো সদস্য পরবর্তী সময়ে কখনো ‘অশ্লীল’ কনটেন্ট বানাবেন না- এই মর্মে মুচলেকা দিতে হয়েছে তাকে।

 

বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

 

জায়েদ খান মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই বলেন, ‘আমি বিষয়টি নিয়ে তৎপর ছিলাম। মিশা ভাইয়ের মাধ্যমে বিষয়টি দেখভাল করছিলাম। আজ সন্ধ্যার পরে মিশা ভাই চিকন আলীকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন। কেননা চিকন আলী আমাদের সংগঠনের সদস্য।’

 

মিশা সওদাগর বলেন, ‘আমাদের সদস্য শামীম। তাই আমরা তো দায়িত্ব থেকেই করবো এট। আমরা মুচলেকা দিয়ে তাকে নিয়ে এসেছি, বলেছি আর কখনো এমন কাজ করবে না কোনো শিল্পী।’

 

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন তার স্ত্রী খুশি। তখন তিনি বলেন, মঙ্গলবার রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

 

খুশির দাবি, সারাদিন ডিবি অফিসে অপেক্ষা করেও স্বামীর খোঁজ পাননি তিনি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *