নজর২৪, ঢাকা- বাংলাদেশ রেলওয়ের জনবল ঘাটতির কথা স্বীকার করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলে প্রায় ২৫ হাজার জনবলের সংকট রয়েছে। জনবলের এ সংকট কাটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ২৫ হাজার লোকবল নিয়োগ দেওয়া হবে।
আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রেল দিবস উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী।
জনবল নিয়োগের কথা উল্লেখ করে রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলের কোনো নিয়োগবিধি ছিল না, নিয়োগবিধি করা হয়েছে। নতুন জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা স্টেশন মাস্টার পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। সামনে লোকবল নেওয়ার আরও বিজ্ঞপ্তি দেওয়া হবে। এসব লোক নিয়োগ হলে লোকবল সংকট সমস্যার সমাধান হয়ে যাবে।’
রেলমন্ত্রী বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। আমাদের অনেক ধন-সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। রেল সাধারণ মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান।
নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত মিটার গেজকে আমরা ব্রড গেজে রূপান্তর করবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নেওয়া হবে। এশিয়া ভিত্তিক রেল যেন চালু করতে পারি, সেজন্য অভ্যন্তরীন রেল ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





