চমক দিয়ে নিউইয়র্ক থেকে নতুন ঘোষণা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানান।

 

সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন এই সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।

 

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। তিনিও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শাকিব খান বলেন, ‘আগে থেকেই এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এতোদিনে রিলিজও হয়ে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়।’

 

শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, ‘বিমানে শাকিব ও আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক) এসেছি। একটা মানুষ কীভাবে নিজেকে তিল তিল করে গড়ে তুলতে পারে, সেটা আমি শাকিবকে দেখে তার সঙ্গে আলাপ করে বিস্ময়ের সঙ্গে দেখেছি।’

 

নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘নতুন এই সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেসে, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।’

 

উল্লেখ্য, চলতি বছর অন্তরাত্মা, লিডার, গলুই এই সিনেমার টানা শুটিং সেরেছেন শাকিব। এরমধ্যেই এসএমসি ওরস্যালাইন এবং বার্জার পেইন্টসের দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন। ব্যস্ততা কাটিয়ে ১২ নভেম্বরের সকালের ফ্লাইটে নিউইউর্ক গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে শাকিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *