নজর২৪, ঢাকা- রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় হাজিরা দিতে সোমবার (১৫ নভেম্বর) আদালতে যাবেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
রোববার (১৪ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি জানান, আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পরীমনি আদালতে হাজির হবেন।
ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য রয়েছে। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এর আগে ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম অভিযোগপত্র গ্রহণের জন্য এই দিন ধার্য করেন।
এদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।
১৩ অক্টোবর একই আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন। গত ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
ওই দিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনেরও জামিন মঞ্জুর করা হয়।
৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনি, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
তার আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।
