নজর২৪, ঢাকা- ভোটারদের উদ্দেশ্যে ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রাথী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। যাকে খুশি ভোট দিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি ও থাকব। কারণ আমি এ এলাকার সন্তান। বাইরে থেকে এসে নির্বাচন করছি না। আওয়ামী লীগ প্রাথী এ এলাকার বাসিন্দা নন, সূত্রাপুরের বাসিন্দা। উনি বহিরাগত হিসেবে এখানে নির্বাচন করছেন।
বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারের সময়সীমা শেষ হয়। তাই পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি বাতিল করে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী। রাজধানীর যাত্রাবাড়ীর নিজের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীদের দিয়ে আমার পোলিং এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে। তারা যেন বাড়ি ঘরে থাকতে না পারে সেজন্য ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে বোঝা যায় আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে আসন দখল করতে চায়।
ভোটার, পোলিং এজেন্ট, প্রধান নির্বাচনী এজেন্টসহ তার নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কমিশনের কাছে দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে একাধিকবার অভিযোগ দেয়া হয়েছে। কিন্ত এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।’
অতীতে তিনবার এলাকার সংসদ সদস্য থাকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘এই এলাকার যাবতীয় উন্নয়ন আমি করেছি। পথঘাটহীন অনুন্নত ও গ্রামীণ এই জনপদকে আধুনিক শহরে রূপান্তর আমার হাত দিয়েই হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দলে কোনো কোন্দল নেই। দলের সব নেতাকর্মী ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ চারটি ভাগে বিভক্ত।’
