নান্দাইলে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গলায় ফাঁস দিয়ে নিপা আক্তার (৪৫) নামে এক বিধবা নারী আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের ঝালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিপা আক্তার ওই এলাকার মৃত শাহীন ভূইয়ার স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়- বছর তিনেক আগে মারা যান নিপা আক্তারের স্বামী। সে সময় থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেও একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠেন।

 

শনিবার বিকেলে পরিবারের অজান্তে রান্না ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার মেয়ে রান্না ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। এ সময় বাড়ির লোকজন এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *