সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জমির মোঃ হাসিবুস সাত্তারকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী কর্মসূচী পালন করেছে হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মচারীরা।
মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও কর্মবিরতী থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের দাবি জানানো হয়। মহেশপুর আবাসিক মেডিকেল অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত ছিলেন ডাক্তার সজিবুল ইসলাম, আশাদুর রহমান, ইমরান হোসেন ও মনিরুজ্জামান ও কর্মচারীরা।
এর আগে সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম, ঝিনাইদহ বিএমএ সাধারন সম্পাদক ডাক্তার রাশেদ আল মামুন ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ।
বৈঠক থেকে বিএমএ সাধারন সম্পাদক কর্মসূচী ঘোষণা করেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হারুন ও নাসিরকে গ্রেফতার এবং মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত জেলার সব উপজেলাতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কর্ম বিরতী, কালো ব্যাচ ধারন ও মানববন্ধন করা হবে। আসামী গ্রেফতার না হলে রোববার খুলনা বিভাগে সর্বত্র কর্ম বিরতি পালন করা হবে। সোমবার পুনরায় সভার মাধ্যমে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।
ঝিনাইদহ ৩ আসনের এমপি সভায় উপস্থিত হয়ে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধীদের কোন ছাড়া নেই।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রোববার বিকাল ৩ টার দিকে জেলার মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জমির মোঃ হাসিবুস সাত্তারকে পিটিয়ে আহত করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ ও তার সহযোগী নয়ন। ঘটনার দিন রাতেই মহেশপুর থানায় হারুনকে প্রধান আসামী করে তার সহযোগী নয়নের নামে মামলা দায়ের করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
