রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে ট্রাক উল্টে ২ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন শ্রমিক ।
নিহতরা হলেন পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, আজ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি পারজামিরতা এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পরে যায়। এতে ১৭ জন শ্রমিক মারাত্মক আহত হয়।
আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করে।
