ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে নিজেই অব্যাহতি পেলেন ছাত্রদল নেতা!

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

গতকাল বুধবার (৩ অক্টোবর) রাতে তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল।

 

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সদস্য পদ পাওয়া আবির মোহাম্মদ সোহাগকে ছাত্রদল থেকে বহিষ্কার করে বুধবার নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন সাইফুল ইসলাম ভূঁইয়া।

 

বিজ্ঞপ্তিতে সোহাগকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে ছাত্রলীগের সদস্য পদ পাওয়ায় তাকে ছাত্রদল থেকে বহিস্কার করা হয় উল্লেখ করেন।

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ছাত্রদলের প্যাডে আবির মোহাম্মদ সোহাগ নামে একজনকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত উল্লেখ করে তাকে বহিষ্কার করার নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন সাইফুল।

 

“সোহাগ আমাদের সংগঠনের কেউ না, তাকে কখনও ছাত্রদলের রাজনীতি করতে দেখিনি। সাইফুলের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে”, জানান তিনি।

 

এ বিষয়ে ছাত্রদলের সদ্য সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও সেগুলো রিসিভ হয়নি।

 

বহিষ্কার ষড়যন্ত্র: সোহাগ

 

এদিকে আবির মোহাম্মদ সোহাগ তাকে বহিষ্কারের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ দিয়েই আমার রাজনীতি শুরু। বিএনপির কর্মকাণ্ডে কখনো ছিলাম না।

 

‘কেন্দ্র, জেলা ও উপজেলা কমিটির নেতাদের স্বাক্ষরে বিভিন্ন সময়ে ছাত্রলীগের নানা পদে ছিলাম। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

 

কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ বলেন, ‘আবির ২০১০ সাল থেকে ছাত্রলীগের পদধারী। সামনে সে আরও ভালো অবস্থানে যাবে। এ কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উঠেপড়ে লেগেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *