সত্যিই কি মা হয়েছেন নায়িকা পপি?

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অনেক দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন। সিনে পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। স্বামী-সংসার নিয়েই নাকি তার ব্যস্ততা। এরপর কিছু দিন আগে গুঞ্জন ছড়ায়, মা হতে চলেছেন পপি।

 

একের পর এক গুঞ্জনের ডালপালা গজায়, কিন্তু পপির খোঁজ মেলে না। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে সিনেমা অঙ্গনের দু’একজনের সঙ্গে তার অল্প-স্বল্প যোগাযোগ রয়েছে। সেই সূত্রেই নানা খবর বেরিয়ে আসে।

 

এদিকে শুক্রবার (২৯ অক্টোবর) রাতেই একটি সূত্রে জানা যায়, নায়িকা পপি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।

 

পপির অভিনয়ে নির্মাণাধীন একটি সিনেমার পরিচালক এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে।

 

বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন ঢাকার একটি ডিপ্লোমেটিক এলাকায়।

 

এদিকে গত আগস্ট মাসে ঢাকা পোস্টের হাতে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।

 

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন ওমর সানী। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি ও পপির অভিনয়, দুই-ই বেশ সাড়া ফেলেছিল। দুই যুগের ক্যারিয়ারে দুই কুড়ি ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার জিতেছেন তিন বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *