Home প্রধান খবর বিসিএস-এর প্রশ্নে নিজের অভিনীত সিনেমার নাম দেখে যা বললেন বাঁধন

বিসিএস-এর প্রশ্নে নিজের অভিনীত সিনেমার নাম দেখে যা বললেন বাঁধন

0
160

বিনোদন ডেস্ক- শুক্রবার সকালে হয়ে গেল ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রিলিমিনারি পরীক্ষা। এটি হয়ে থাকে মাল্টিপোল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) ফরমেটে।

 

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় সাম্প্রতিক ঘটনা, দেশ, বিদেশ, অর্থনীতি, রাজনীতি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ নানা বিষয়ে প্রশ্ন থাকে।

 

তবে এবার একটি প্রশ্ন এসেছে চলচ্চিত্র বিষয় থেকে। যে চলচ্চিত্র থেকে প্রশ্নটি এসেছে সেই সিনেমাটির নাম রেহানা মরিয়ম নূর। সিনেমাটি দেশে এখনও মুক্তি না পেলেও সরকারি কর্মকমিশন (পিএসসি) বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং প্রশ্ন হিসেবে রেখেছে।

 

প্রশ্নটি ছিল এমন- ৫৫। ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-

 

(ক) জেরেমি চুয়া (খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ (গ) রাজীব মহাজন (ঘ) আজমেরী হক বাঁধন

 

উত্তর হবে, (খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ

 

বিসিএস পরীক্ষার প্রশ্নে নিজের অভিনীত সিনেমার নাম দেখে উচ্ছ্বসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রশ্নটি দেখেছি। দেখে খুব ভালো লেগেছে! আমারও বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি। তবে এটা কখনও স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম সেই বিসিএসের প্রশ্নে থাকবে। সত্যি বলতে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমার খুব ভালো লেগেছে।’

 

‘রেহানা মরিয়ম নূর’-এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এটা আমাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। আমরাও ভাবিনি বিষয়টি। একজন শুভাকাঙ্ক্ষী প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আমাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিল। শুধু আমাদের নয়, নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্যই দারুণ খবর!

 

২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। প্রটোকল ও মেট্রোর ব্যানারে এটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এ ছাড়াও সহপ্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশের এ সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার)-এর ৯৯৪ আসরেও যাচ্ছে। অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়বে সিনেমাটি। আগামী ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর।’

 

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এই চরিত্রে অভিনয় করে শুধু দেশে নয়, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছেন আজমেরী হক বাঁধন।

 

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে বাঁধন ছাড়া আরও রয়েছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here