স্পোর্টস আপডেট ডেস্ক- দুই দলই হেরেছিল নিজেদের প্রথম দুইটি ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে তাই জয়ের বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ- দুই দলের সামনেই। তাদের লড়াইটাও হলো সমানে সমান।
যেখানে শেষপর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে সেমির আশা টিকে রইলো ওয়েস্ট ইন্ডীজের। তবে বিদায়ঘণ্টা বাজেনি বাংলাদেশের। কাগজে-কলমে এখনও রয়েছে সম্ভাবনা।
দুপুরের প্রচণ্ড গরমে টস ভাগ্যটা থাকল বাংলাদেশের পক্ষে। এনিয়ে এবারের বিশ্বকাপে ৬ ম্যাচের ৫টিতেই টস জিতলেন মাহমুদউল্লাহ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে বল হাতে নেন তিনি। উইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৪২ রান। জবাব দিতে নেমে ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে শুধু শেষ ওভারে রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিল, জেতা আর হলো না।
