নজর২৪, ঢাকা- পুলিশের বাধায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি মিছিল পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করে।
এরপর সমাবেশ করে প্রায় এক ঘণ্টা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মি ছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া, ইটপাটকেল, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন। প্রায় ১০ মিনিট ধরে এই সংঘর্ষ চলে।
মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দিইনি। তাঁদের মিছিলের অনুমতি ছিল না। তবু তাঁরা মিছিল করছিলেন। তিনি বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাঁদের ধাওয়া দেয়।
সমাবেশে এক হাজারের বেশি নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকেই সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। দুপুর ১২ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাঁদের ৫০ জনের বেশি নেতা কর্মীকে আটক করা হয়েছে।
