বিনোদন ডেস্ক- বিগত কয়েক মাস ধরে দেশের মিডিয়ার সবচেয়ে চর্চিত নাম পরীমণি। সে চর্চায় পরী নতুন করে প্রাণ দিয়েছেন সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে। এবার পরীমণি নতুন মোড় দিলেন তাকে নিয়ে আলোচনার। সেটা তার জন্মদিনের আয়োজন।
বেশ কয়েক বছর ধরে নিজের জন্মদিনের জমকালো অনুষ্ঠান করে তাক লাগিয়ে দেন শোবিজ পাড়ায়। পরীমণির মতো করে এভাবে অন্য কোনো তারকার বেলায় দেখা যায়নি জন্মদিনের আয়োজনের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও সেগুলোকে পাত্তা না দিয়ে ব্যক্তি জীবন নিজরে মতো করেই যাপন করে আসছেন পরী।
আগামী ২৪ অক্টোবর পরীমনি ঘটা করে জন্মদিন পালন করবেন। দিনটি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও চলচ্চিত্রের মানুষদের সঙ্গে কাটাবেন তিনি। পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। একটানা শুটিং শিডিউল রয়েছে তার। তবে জন্মদিনে একদিনের ছুটি নেবেন বলে জানান এই লাস্যময়ী নায়িকা।
পরীমনি বলেন, ‘বার্থডে বলে কথা! একদিনের ছুটি আমার চাই। ২৪ তারিখের পরে আবার শুটিংয়ে অংশ নেব।’
জানা গেছে, অতীতের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন পরীমনি। এই আয়োজনে এবারও একটি রঙের থিম ব্যবহার করবেন তিনি। আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনে জন্মদিনের অনুষ্ঠানে আসবেন। এবার লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে বলে জানান পরীমনি।
