মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে ইউটার্ন করার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পিছন দিক থেকে (ঢাকা মেট্টো ট-২০২৭৫৬) একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে মমেকে ২ জনের মৃত্যু হয়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
নিহতরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫), একই এলাকার আলাল উদ্দিনের মেয়ে রিমা (২০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার এসআই আমিনুল জানান, সকাল ৭ টার সময় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাটত ট্রাক আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা মুনজিম গার্মেন্টসের শ্রমিক। সকালে গার্মেন্টসে যাওয়ার পথে বা নাইট শিফ্ট শেষে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
