বিনোদন ডেস্ক- এফডিসিতে এখন শুটিং হয় না বললেই চলে। আগের তুলনায় কমে গিয়েছে চলচ্চিত্র নির্মাণের কাজ। কিন্তু অনেকদিন পর গতকাল এফডিসিতে ঢুকতেই শোনা গেছে বাঁশির সুর। কড়াইতলায় তৈরি করা হয়েছে বেদেপাড়া। বাইদানিদের নাচ-গানের আসর বসেছিল সেখানে।
বাইদানিদের সঙ্গে নাচে অংশ নেন চিত্রনায়ক জায়েদ খান। ‘সোনার চর’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে বেদেপাড়া তৈরি করা হয় বলে জানান সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় জায়েদ খানকে সাপ নিয়ে নাচতে দেখা গেছে। সাপ ধরার অভিজ্ঞতার কথা জানিয়ে জায়েদ খান বলেন, ভয়ঙ্কর অনুভূতি। সাপ ধরতে হবে, এটা শুনেই ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম প্রথমে। পরে সাপুড়ে অভয় দিলেন বলেই ঠিকঠাক শুটিং শেষ করতে পেরেছি।
জায়েদ খান বলেন, এটা একেবারে অরিজিনাল সাপ। সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিক নির্দেশনা দিচ্ছেন। প্রথমেতো আমি ধরতেই চাইনি। প্রচণ্ড ভয় নিয়ে ধরেছি, সাপের শরীর একেবারে ঠাণ্ডা। ধরার পর গা শিরশির করে! তবে শেষ পর্যন্ত এই অংশটা ঠিকঠাক হয়েছে, এতেই সন্তুষ্ট সবাই।
গাজীপুরের হোতাপাড়ায় জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো গত মাসে। জায়েদ জানান, বেশির ভাগ অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। মঙ্গলবার এফডিসিতে চলছে গানের শুটিং। রাতের মধ্যে যা শেষ হবে। এরপর আগামী মাসে ভোলার দিকে আউটডোরে বাকি অংশের শুটিং শেষ হবে বলে জানান।
‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানী জুটি।
