গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তার করলেই মণ্ডপে হামলার তথ্য বেরিয়ে আসবে: এমপি বাহার

নজর২৪, কুমিল্লা- কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র মনিরুল হক সাক্কুর দ্বন্দ্বের জেরে কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটতে পারে বলে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এমপি বাহার।

 

মুসলিম মৌলবাদীদের পাশাপাশি হিন্দু মৌলবাদীরাও দেশে সংঘাত ছড়াচ্ছে অভিযোগ তুলে গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

 

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে গণ জমায়েত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি জানান।

 

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার করলেই কারা পূজামণ্ডপে হামলা করেছে, তা বেরিয়ে আসবে। তিনি সারা দেশের মানুষকে উসকে দিচ্ছেন।

 

গোবিন্দ প্রামাণিককে উদ্দেশ করে এমপি বাহার বলেন, ‘আপনি কোন ফাঁকে এলেন, কোন ফাঁকে গেলেন? আপনার যদি শক্তি থাকে তাহলে আবার কুমিল্লায় আসেন। আপনাকে হিন্দুরাই মোকাবিলা করবে।’

 

কুমিল্লায় সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস উল্লেখ করে সাংসদ বলেন, এখানে সবার মধ্যে সম্প্রীতি আছে। যারা চক্রান্ত করেছেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এই ক্ষেত্রে প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরাও তাদের সঙ্গে কাজ করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

 

কুমিল্লার ঘটনার রেশ ধরে রংপুরে হিন্দু ভাইদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে উল্লেখ করে হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু সাবধান থাকবেন মিয়া ভাইয়েরা। আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা যেমন মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, পেট্রল ঢেলে আপনাদের ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হবে।’

 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, আতিকউল্লাহ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এস সহিদ প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *