কিউকমের আরজে নিরব ও রিপন আবার রিমান্ডে

নজর২৪, ঢাকা- এবার রাজধানীর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ও হুমায়ুন কবিরের (আরজে নিরব) বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রশিদ আদালত এই রিমান্ডের আদেশ দেন।

 

এর আগে লালবাগ থানার পুলিশ আসামিদের আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিপন মিয়ার দুইদিন এবং আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলাটি দায়ের করেছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি। লোভনীয় অফার দেখে তিনি ও তার আরও তিন বন্ধু কিউকম থেকে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকার পণ্য অর্ডার করেন। কিন্তু কিউকম তাদের পণ্যগুলো সরবরাহ করেনি।

 

প্রতারণার অভিযোগে গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানায় দায়ের করা ডিজিটার নিরাপত্তা আইনের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রতারণার মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় নতুন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

 

গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় তারও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *