নুসরাতকে আগে অপছন্দ করতাম, তাকে বড্ড দাম্ভিক মনে হত: যশ

বিনোদন ডেস্ক- দুই টালিউড তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে আলোচনার শেষ নেই। একই ছাদের নিচে বসবাস তাদের। কিছুদিন আগেই যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। তাই আর তাদের সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ে না।

 

যদিও প্রতিদিনই নতুন রঙ লাগে যশ-নুসরতের প্রেমে। পুত্র ঈশানকে নিয়ে এখন সুখের সংসার যশ-নুসরতের। এই প্রেম কাহিনি হয়রান করেছে অনেককেই।

 

‘ওয়ান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে, কিন্তু সেখানে সখ্যতা গড়ে উঠেনি যশ-নুসরতের। তবে ‘এসওএস কলকাতা’ সব হিসেব-নিকেশ উলটে দেয়।

 

যশ বলেন, ‘আমি ওকে সহকর্মী হিসাবে একদম অপছন্দ করতাম, আমার মনে হত নুসরাত ভীষণ দাম্ভিক।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অভিনেতা যশ দাসগুপ্ত। অন্যদিকে নুসরত জানান, ‘আমার বন্ধুরা পরামর্শ দিয়েছিল যশের থেকে দূরত্ব বজায় রাখবার’। তবে সব ইকুয়েশন পালটে গিয়েছে মাস কয়েকের মধ্যেই।

 

ঈশানের অভিভাবকের দায়িত্ব কেমনভাবে পালন করছেন দুজনে?-এ প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, ‘দুর্দান্ত। এখনও মাঝেমধ্যেই বিশ্বাস করতে পারি না। তবে সৌভাগ্যবশত আমাকে একা সব দায়িত্ব পালন করতে হচ্ছে না। যশ সব কাজে এগিয়ে আসে। আমি অনেক সময় বুঝতে পারি না ঈশান কী বলতে চাইছে, কিন্তু যশ অসাধারণ বাবা’।

 

পাশ থেকে মুচকি হেসে যশ যোগ করলেন, ‘নুসরত মা হিসাবে দারুণ, আমি বিশ্বাস করি মেয়েরা যখন মা হয়, তখন সহজাতভাবেই সে জানে বাচ্চাকে কীভাবে লালন-পালন করতে হয়’।

 

নুসরাত জাহান এর আগে সংসার করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। ২০১৯ সালে তারা হিন্দু ধর্মের রীতি অনুসারে বিয়ে করেন। তবে ভারতীয় আইন অনুযায়ী বিবাহ রেজিস্টার করেননি। ২০২০ সালে নিখিলের কাছ থেকে সরে আসেন নুসরাত। গণমাধ্যমের কাছে দাবি করেন, তাদের বিয়েই হয়নি। এরপর বিবাহবিচ্ছেদ ইস্যুতে আদালতের দ্বারস্থ হন নিখিল ও নুসরাত। এখনো সেই মামলা চলমান রয়েছে।

 

অন্যদিকে নিখিলের সঙ্গে থাকা অবস্থায়ই নাকি যশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন নুসরাত। এ কারণেই তিনি সংসার ছেড়ে প্রেমিকের কাছে চলে আসেন। গত ২৬ আগস্ট নুসরাত একটি ছেলে সন্তানের মা হয়েছেন। সেই সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *