Home আলোচিত ফেসবুকে ‘উসকানি’ দেওয়ায় ছাত্রলীগ নেতাকে বহিস্কার

ফেসবুকে ‘উসকানি’ দেওয়ায় ছাত্রলীগ নেতাকে বহিস্কার

0
211

নজর২৪ ডেস্ক- কুমিল্লার ঘটনায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ায় শরীয়তপুর সদর ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম ঢালীকে বহিষ্কার করা হয়েছে। শহিদুল সদর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

 

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত। এ কারণে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার বলেন, ‘সম্প্রতি কুমিল্লার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এমন সময় ছাত্রলীগের মতো একটি সংগঠনের একজন নেতার এমন ধরনের পোস্ট ঘটনাকে আরও উসকে দেয়। ওই পোস্টে তিনি ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। বিষয়টি ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের নজরে আসে।

 

‘ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক চেতনার সংগঠন। সেখানে সাম্প্রদায়িক ভাবধারার কারও অবস্থান নেই। শহিদুল ছাত্রলীগকে ব্যবহার করে সবাইকে সংগঠিত করার চেষ্টা করেছেন। যার ফলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে। এমন ভাবধারার নেতার ছাত্রলীগে থাকার সুযোগ নেই। তাই সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।’

 

জানতে চাইলে এ বিষয়ে শহিদুল ইসলাম ঢালী গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের সংগঠন থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, আমি জেনেছি এবং এটা সত্য। কোরআন অবমাননা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আর সেই অপরাধে দল থেকে বহিষ্কার করা হয় তাতে আমার কোনো দুঃখ নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here