মধুর ক্যান্টিনে এসে জায়গা পেল না ছাত্রদল

নজর২৪ ডেস্ক- দেড় বছরের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে উত্তেজনা ছড়িয়েছে ছাত্রদল। তবে আগে থেকেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যান্টিন নিজেদের দখলে রাখায় সেখানে বসতে পারেনি তারা।

 

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ১০টায় মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের কারণে ক্যান্টিনের ভেতরেই ঢুকতে পারেননি তারা।

 

ছাত্রদলের নেতাকর্মীরা ক্যান্টিনের পাশে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে অবস্থান নেন। সেখানে উপস্থিত হন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনও।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের সভাপতি আসার পর নেতাকর্মীদের একটি অংশ মধুর ক্যান্টিনে অবস্থান নেন। এরপর ছাত্রলীগের নেতা কর্মীরা মুহুর্মুহু স্লোগান শুরু করেন। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যান্টিন থেকে বের হয়ে যান। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক শোডাউন করে বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

সমাবেশে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম খান অনিক, যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, আহ্বায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিনসহ হল পর্যায়ের অনেক নেতা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ২০২০ সালের ১৮ মার্চ বন্ধ করে দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম। এই সময়ের মধ্যে মধুর কেন্টিনেও সব ধরনের জন সমাগম বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় খুলতেই আবার সরব হয়েছে মধুর ক্যানটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *