কাকরাইলে সংঘর্ষের ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে মামলা

নজর২৪, ঢাকা- রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে ৪ হাজার জনের বেশি মানুষকে। শুক্রবার দুপুরের ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ পুলিশ বাদী হয়ে রমনা, পল্টন ও চকবাজার থানায় মামলা ৩টি করেছে।

 

এ বিষয়ে রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, রমনা থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত প্রায় এক হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এদিকে, পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এখানে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২ হাজার ৫০০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়াও চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০ জনের নামে মামলা হয়েছে।

 

পুলিশ জানায়, রমনা থানায় দায়ের করা মামলায় ৯ জনকে দুদিন করে রিমান্ডে নেয়া হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি। পল্টন ও চকবাজার থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের একদিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’র ব্যানারে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি নাইটিংগেল মোড় পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আসে। এরপরও বিক্ষোভ মিছিল এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। যা প্রায় আধা ঘণ্টার মতো চলে।

 

এ সময় বিক্ষোভকারীদের পুলিশের দিকে ঢিল ও জুতা ছুড়তে দেখা যায়। অন্যদিকে পুলিশ টিয়া র শেল, রা বা র বু লেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

 

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ায় তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। সংঘর্ষের পুরোটা সময় পল্টন এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *