ছেলের জন্য সব কাজ বাতিল করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক- মা.দক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি।

 

আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে এই তারকা সন্তানকে। এদিন আরিয়ানকে কোর্টে তোলা হলেই বোঝা যাবে তার জামিন মিলবে নাকি মিলবে না।

 

আদরের সন্তান আটকের পর থেকেই দুশ্চিন্তায় আছেন শাহরুখ খান। এখন পর্যন্ত এ বিষয়ে কথা না বললেও ভেতরে ভেতরে তিনি পুরো ঘটনায় খুব কষ্ট পাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ছেলে মুক্ত হওয়ার আগে কোনো সিনেমার শুটিংও করবেন না কিং খান।

 

আগামী বছরই মুক্তি পাওয়ার কথা শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’ ও দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন সিনেমা। ইতিমধ্যেই মুম্বাইতে সম্পন্ন হয়েছে ‘পাঠান’-এর প্রথম পর্বের শুটিং। ১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং। শাহরুখ খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু শাহরুখপুত্র আরিয়ান খানের আটকের ঘটনায় সেই শুটিং স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ।

 

জানা গেছে, মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারির পরই নিজের সমস্ত শুটিং বাতিল করেন শাহরুখ খান। আপাতত ছেলেকে এনসিবির হেফাজত থেকে বাড়ি ফেরানোই তার মুখ্য উদ্দেশ্য। এমতাবস্থায় দেশ ছাড়তে চান না অভিনেতা।

 

সেকারণেই প্রযোজনা সংস্থার কাছে স্পেনের শুটিং শিডিউল বাতিলের অনুরোধ জানান। সেই মতোই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আপাতত স্থগিত রাখা হচ্ছে স্পেনের শুটিং পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *