নজর২৪ ডেস্ক- আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’ নামে নতুন বাস সার্ভিস। সেই সার্ভিসে বর্তমান ভাড়ার তুলনায় প্রতি কিলোমিটার দূরত্বের জন্য যাত্রীদের ৫০ পয়সা হারে বেশি গুণতে হবে। অন্যান্য সার্ভিসের ভাড়াও এই হারে কার্যকরের ইঙ্গিত দিয়েছেন বাস মালিকরা। তাদের দাবি, কিলোমিটারে এই ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত আরও দুই বছর আগের। নতুন করে বাস ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পরিবহন মালিকদের সঙ্গে ১৮ দফা বৈঠকের পর ১২০টি নতুন বাস নিয়ে চালু হচ্ছে এই ‘ঢাকা নগর পরিবহন’। বাস রুট রেশনালাইজেশনের এটিই প্রথম ধাপ। আগামী ১ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই পরিবহন।
‘ঢাকা নগর পরিবহন’ নামে নতুন বাস সার্ভিসে যাত্রীদের প্রতি কিলোমিটারে ভাড়া গুণতে হবে দুই টাকা ২০ পয়সা হারে। যা বর্তমানে এক টাকা ৭০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ১০ টাকা। বর্তমান আইন অনুযায়ী ঢাকা মহানগরীতে বাসে সর্বনিম্ন ভাড়া সাত টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে এই ভাড়া পাঁচ টাকা। যদিও ওয়েবিল নামে মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকাই আদায় করছে পরিবহনগুলো।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে নতুন এই পরিবহন চালুর কথা জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে এই ভাড়া নির্ধারণ করা হয়।
এই বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি দক্ষিণ সিটির মেয়র শেখ তাপস। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ২১ কিলোমিটারের এই রুটে প্রতি কিলোমিটারে যাত্রীদের ভাড়া গুণতে হবে দুই টাকা ২০ পয়সা। নতুন এই রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি, ১৬টি বাস বে করা হয়েছে।
নতুন এই বাস সার্ভিসের ভাড়া নির্ধারণের বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, ২০১৯ সালে রাজধানীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া দুই টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যা এখনো কার্যকর করা হয়নি বলে জানান তিনি।
প্রতি কিলোমিটারে ৫০ পয়সা হারে ভাড়া বাড়ানোর বিষয়টি বাড়তি ভাড়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বাড়তি ভাড়া হবে না। ঢাকা শহরে আজ ছয় বছরে গাড়ির ভাড়া বাড়ানো না। এর মধ্যে আমাদের কমিটি ২০১৯ সালে দুইটা মিটিং করেছে, সেখানে দুই টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে, যা এখন পর্যন্ত কার্যকর হয়নি। কাজেই সে হিসাব করে দুই টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।’
নতুন ভাড়ায় মালিকপক্ষ সন্তুষ্ট কি-না এমন প্রশ্নের জবাবে এনায়েত উল্লাহ বলেন, ‘রুট রেশনালাইজেশন কমিটির সবাই মিলে আলোচনার মাধ্যমে এটা স্থির হয়েছে। এটা মালিকপক্ষের সন্তুষ্টির বিষয় না।’
গণ-পরিবহনে শৃঙ্খলা আনতে ২০১৫ সালে প্রথম নতুন বাণিজ্যিক বাস রুট উদ্যোগের পরিকল্পনা শুরু করা হয়। তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এর মূল প্রস্তাবক।
এর আগে গত ১৯ জানুয়ারি বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে মোতাবেক কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায় যে, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পযর্ন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।
