নজর২৪, ঢাকা- র্যাব-পুলিশ নয়, দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বিএনপিকে কারা ভোট দেয়।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন- বিএনপিকে কারা ভোট দেবে ও কেন দেবে? বিএনপিকে তো ভোট দেবে জনগণ, সেটা দিনের আলোয়। র্যাব-পুলিশ বা দলের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বিএনপিকে ভোট দিতে আসবে না।’
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে ‘মিডনাইট ভোটের সরকার’ মন্তব্য করে রিজভী বলেন, ‘রাতের অন্ধকারে ভোট কারা দেয়, সেটা আগে সরকারকে স্পষ্ট করতে হবে। কারণ বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না। এ জন্য সরকার ভোটারদেরও চেনেনও না। প্রধানমন্ত্রী চেনেন, র্যাব-পুলিশ ও দলীয় ভোটার। এ জন্যই তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কে ভোট দেবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এসব প্রবাদ এখন সংশোধন করতে হবে। কারণ এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। যুবলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন শিক্ষিতদের কোনো নাম নেই।’
সাবেক এই ছাত্রনেতা বলেন, তারা (আওয়ামী লীগ) যেভাবে নকল করে ক্ষমতায় গেছে, তেমনই গোটা জাতিকে নকলের মধ্যে ফেলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজকের শিক্ষামন্ত্রী দীপুমনি কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে কি না তার সদুত্তর দিতে পারেন না। ছাত্র-ছাত্রীদের করোনা হলে তার জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী।
এসময় রিজভী বলেন, শিক্ষকরা সমাজে সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত। যারা নির্যাতিত তারা কি করে জাতির মেরুদণ্ড হবেন? এমপিরা তাদেরকে কান ধরে ওঠ-বস করায়। বর্তমানে দেশে যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে শিক্ষকদেরকে কাজ করে যেতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আর জাগিয়ে তোলার যে শক্তি সেটা আপনাদের মধ্যেই আছে। বর্তমানে দেশে যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে শিক্ষকদেরকে কাজ করে যেতে হবে। আপনারা যেমন একজন মানুষকে শিক্ষিত করে তোলেন, তেমনি এই দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে মহান সংগ্রাম, আন্দোলন আসছে তার জন্যও আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।
