সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপ.ত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।
পরে আশপাশের লোকজন টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামীকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সেই সাথে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।
