বিনোদন ডেস্ক- জীবনটাকে ধীরে ধীরে নতুন করে গুছিয়ে নিচ্ছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর একের পর এক সিনেমায় অভিনয়ের ডাক পাচ্ছেন। রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’-এর পর পরীমনির ডায়রিতে ঠাঁয় পেল আরও একটি নতুন সিনেমা। নাম ‘মা’।
এই সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার। সেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ মায়ের চরিত্রে দেখা যাবে পরীমনিকে। ইতোমধ্যে গত ২৯ সেপ্টেম্বর তিনি চুক্তি পত্রে স্বাক্ষরও করেছেন। এটি হবে পরিচালক অরণ্য আনোয়ারের সঙ্গে পরীর প্রথম কাজ। এই পরিচালকের তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি।
তবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনি প্রচণ্ড ব্যস্ত। তাই এ বছর নতুন কোনো সিনেমার কাজ তিনি করতে পারবেন না। পরিচালক জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি থেকে ‘মা’ সিনেমার কাজ শুরু হবে।
জানতে চাইলে পরীমনি বলেন, ‘কোনো পরিচালক প্রথমবার সিনেমা বানাতে চাচ্ছেন এ কথা শোনার পর ভীষণ ভালো লাগছে। অরণ্য আনোয়ারের নাটকের সঙ্গে পরিচিত আগে থেকেই। এবার তার প্রথম সিনেমায় যুক্ত হতে যাচ্ছি।’
তিনি বলেন, সত্যি বলতে এতগুলো ভালো ছবি একসঙ্গে হাতে আসবে ভাবিনি। আমি আমার প্রযোজক-নির্মাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো তাদের ও দর্শকদের প্রত্যাশা পূরণের। নিজের শতভাগ দিয়েই কাজগুলো শেষ করবো।
