নজর২৪, ঢাকা- রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আলোচিত ই-কমার্সভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, হেড অব অ্যাকাউন্ট সেলিম রেজাসহ ১০ জনকে জামিন দেননি হাইকোর্ট।
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ।
শনিবার (২ সেপ্টেম্বর) অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে আলোচিত ই-কমার্সভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করা হয়েছে। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী এই মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১২ জনকে আসামি করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার তানভীর আলম, সিনিয়র এক্সিকিউটিভ (কমার্শিয়াল) জাওয়াদুল হক চৌধুরী, হেড অব অ্যাকাউন্ট সেলিম রেজা, অ্যাকাউন্টস ম্যানেজার জুবায়ের আল মাহমুদ, অ্যাকাউন্ট শাখার কর্মী সোহেল, আকিবুর রহমান তূর্য, সিইও’র পিএস রেজওয়ান ও বাইক ডিপার্টমেন্টের কর্মকর্তা সাকিব রহমান।
মামলার পরে এই ১০ আসামি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।





