নজর২৪, ঢাকা- এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন।
এদিন তদন্ত কর্মকর্তা এই মামলায় আসামি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালতে হাজির করে ধানমন্ডি থানায় করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর আসামি রাসেলকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামি রাসেলকে তিন কার্যদিবসের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে ২৫ সেপ্টম্বর অর্ডারকৃত এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মুজাহিদুর রহমান তাদের নামে এ মামলা করেন। বিচারক মামলাটি ধানমন্ডি থানায় এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালিরএমডি) ও সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র্যাব সদর দফতরে নেওয়া হয়। পরে গুলশান থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে র্যাব।
