বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে গেলেন কলকাতার কৌশানী

বিনোদন ডেস্ক- বাংলাদেশের ছবিতে আরও একজন ভিনদেশি নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আর সে কারণেই আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

 

তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

 

ছবিটির প্রযোজক সেলিম খান আজ দুপুর ২টার সময় বলেন, ‘‘কীভাবে যেন অনেকেই জেনেছেন ‘পিয়া রে’ ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দিয়েছেন।’’

 

জানা যায়, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে।

 

কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক।

 

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *