দেশ বদলে গেছে, আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না : তথ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- দেশ বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না।’

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাতেন, বেশিরভাগের পায়ে স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড়-চোপড় পরা মানুষ দেখা যায় না।

 

‘বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না। ক্ষুধার জন্য এখন আর সন্ধ্যার পর ডাক শোনা যায় না।’

 

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না।’

 

হাছান মাহমুদ আরও বলেন, এ পরিবর্তন কোনো জাদুতে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

 

‘বিধাতার কাছে আমার প্রার্থনা— শেখ হাসিনা অব্যাহতভাবে এই দেশকে নেতৃত্ব দিয়ে যাক।’

 

প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *