মাহফুজুর রহমানকে ছেড়ে আসায় ট্রল, মুখ খুললেন ইভা

বিনোদন ডেস্ক- কিছুদিন হলো এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী ইভা। তবে ঠিক কি কারণে তাদের এই বিচ্ছেদ- তা নিয়ে পরিস্কার করে কেউই এর আগে কিছু বলেননি।

 

তবে সম্প্রতি বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে ইভা জানালেন, দীর্ঘ ৯ বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটাচ্ছিলেন ইভা। এরপর সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যতের কথা চিন্তা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

 

ইভা বলেছেন, ‘২০১২ থেকে আমরা আলাদা থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি সম্পর্ক ঝুলে থাকতে পারে না। নয় বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারিনি। এজন্য উনার অসহযোগিতা দায়ী।’

 

ইভা আরও বলেন, ‘নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।’

 

এদিকে আইনীভাবে ড. মাহফুজুর রহমানের সাথে সম্পর্ক শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন বিয়ে করায় কণ্ঠশিল্পী ইভা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে। ইভার গাওয়া বিভিন্ন গানের ব্যঙ্গ করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর ইভা রহমান বলেন, ফেসবুকে ‘বিদ্রুপ’ না করে আমাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করুন।

 

তিনি বলেন, ‘ট্রল যারাই করেন না কেন, সেটা যেন গঠনমূলক হয়। অনেক সময় সমালোচনার ফলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির তৈরি হয়। তখন মনে হয়, আমি দর্শকদের গান উপহার দেয়ার জন্য এত কিছু করলাম আর আমিই এত ট্রলের সম্মুখীন হলাম! এত সমালোচনার সম্মুখীন হলাম।

 

ইভা বলেন, আমার মনে হচ্ছে, দম বন্ধ হয়ে আমি মরে যাব। সমালোচনা হতে পারে। তবে সেটা এরকম হওয়ার উচিত, উনি গানটা এভাবে গেয়েছেন, এভাবে গাইলেই পারতেন। আরেকটু ভালো গাইলে পারতেন বা উনার কণ্ঠে আমরা এই ধরনের গান শুনতে চাচ্ছি।’

 

গানের পাশাপাশি পোশাক নিয়েও যে ফেইসবুকে অনেকে ‘বিদ্রুপ’ করেন, সে কথাও বলেন ইভা।

 

তার ভাষ্যে, ‘অনেকে আমার গান নিয়ে ট্রল করেছে, ‘গানের পাখি ইভা রহমান’, ‘ইভা রহমানের গান দেখলে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দেখা যায়।’ তবে বিদ্রুপের মুখেও নিজের ‘ট্রেন্ড’ ধরে রাখতে চান জানিয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘ইনশাল্লাহ আগামীতেও রঙ-বেরঙের শাড়িও দেখা যাবে, আমি আমার এই ট্রেন্ডটা রাখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *