শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে হত্যা করা অজ্ঞাত (৬০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গলা ও ঘাড়ে কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।
জানা যায়, ওই এলাকার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে একটি মাটির রাস্তার পাশে ধান ক্ষেতে গলা ও ঘাড়ে কাটা অবস্থায় ষাটঊর্ধ বয়সের ওই ব্যাক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। লোকটির গায়ের রঙ ফর্সা, পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। লাশের পাশেই পড়েছিল ধারালো একটি ছুরি। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে গতরাতে ওই লোকটিকে নির্মম ভাবে হত্যা করে ধান ক্ষেতে ফেলে গেছে ঘাতকরা।
নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মো.ওবায়দুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে।
