বিনোদন ডেস্ক- আবারো বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। এবার বিয়ে করেছেন ঢাকার ব্যবসায়ী সোহেল আরমানকে। এরই মধ্যে নতুন স্বামীর নাম নিজের নামে সঙ্গে যুক্ত করেছেন তিনি। তার নতুন নাম- ইভা আরমান।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোহেল আরমান ঢাকার ছেলে।। রাজধানীর গুলশানে এখন তারা বসবাস করছেন।
এতদিন তিনি ইভা রহমান নামেই পরিচিত ছিলেন। সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবী যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না তিনি।
ইভা বলেন, ‘আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।’ তিনি জানান, গত ৪ জুন মাহফুজর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান।
তবে কেন ও কি কারণে মাহফুজুর রহমানের সাথে তার বিচ্ছেদ হলো এই ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, দীর্ঘ ৯ বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটানোর পর সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যৎ চিন্তা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
ইভা বলেছেন, ‘২০১২ থেকে আমরা সেপারেট থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি সম্পর্ক ঝুলে থাকতে পারে না। ৯ বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারিনি। এজন্য উনার অসহযোগিতা দায়ী।’
ইভা বলেন, ‘নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।’ আগামীতে আরও গান করার আশা প্রকাশ করে ইভা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। এতে হতাশ হয়েছি। তবে গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই।’
