নজর২৪, চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছেন স্থানীয় জনতা।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের দুলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও অটোচালক শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার রাসেল আলী (২০)।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী উপজেলার চর পাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে বাহাদুর আলী (৩০)।
পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মঙ্গলবার তর্তিপুর পশুরহাটে পালিত গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড়ে পৌঁছামাত্র কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ী বাহাদুর আলীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, গরু বিক্রি করা ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইকালে দু’জনকে থানায় আনা হয়েছে এবং মামলা হয়েছে। আটকদের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
