ইভ্যালির রাসেল আবার একদিনের রিমান্ডে

evaly n

নজর২৪, ঢাকা- পণ্য সরবরাহের পর তা বিক্রি করলেও মার্চেন্টকে টাকা পরিশোধ না করার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

 

অর্থ আত্মসাতের একই মামলায় আরেক আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড আবেদন করলেও তা নাকচ করেছে আদালত।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

 

এদিন গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থানায় একজন গ্রাহকের করা প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

 

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।

 

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *