ইভ্যালির চেয়ারম্যান শামীমাকে কারাগারে পাঠানোর নির্দেশ

নজর২৪, ঢাকা- গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমণ্ডি থানার মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

 

তবে তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

 

এদিন ধানমন্ডি থানায় প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা আসামিদের আদালতে হাজির করেন। এরপর এই মামলায় তাদের গ্রেফতারসহ ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

 

আজ মঙ্গলবার রাসেল এবং তার স্ত্রীকে গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি থানার মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

 

কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১২ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *