Home দেশের খবর সিলেটে একসঙ্গে দুই বোনের ‘আত্মহত্যার’ নেপথ্যে ‘বিয়ে’?

সিলেটে একসঙ্গে দুই বোনের ‘আত্মহত্যার’ নেপথ্যে ‘বিয়ে’?

0
126

নজর২৪ ডেস্ক- সিলেট নগরীর মজুমদারি এলাকায় বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধার হলেও আসলে কি ঘটেছিলো সেটি এখনো অনুমান করতে পারছেন না পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এটি আরও সময় নিয়ে ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।

 

নিহত দুই বোন হলেন- মজুমদারির ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে রাণী বেগম (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

 

এ দুই বোন ঠিক কী কারণে ‘আত্মহত্যা’ করলেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এটি ‘হত্যা’ কিনা, সে আলোচনাও আছে। তবে তাদের ভাই শেখ রাজন বলছেন, বিয়ের আলাপ সংক্রান্ত বিষয় নিয়ে ‘রাগ ও ক্ষোভ’ থেকে এই চূড়ান্ত পথ বেছে নিতে পারেন তারা। এর মধ্যে রাণীর প্ররোচনায় ফাতেমা আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তিনি।

 

আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ভবনের ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলন্ত ছিল তাদের মরদেহ।

 

মফিজুল ইসলাম বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।’

 

দুই বোনের ‘আত্মহত্যার’ বিষয়ে কথা বলেছেন তাদের ভাই শেখ রাজন।

 

তিনি বলেন, ‘যে কারণে সমস্যা হয়েছে, একটা বিয়ের প্রস্তাব এসেছিল গত রোববারে। বরের বয়স একটু বেশি, পঞ্চাশ। লন্ডনী, দুই বাচ্চার বাবা। সে (রাণী) বিয়েতে রাজি নয়, ঘরে ঝগড়া করছিল। আমরা তাকে বলি, বিয়ের প্রস্তাব মাত্র এসেছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আস্তে আস্তে কনে দেখাবো; হলে হলো, না হলে নাই।’

 

রাজন বলেন, ‘এ নিয়ে সে ঝগড়া করে মায়ের সাথে। বোনের সাথেও ঝগড়া করে। কাল সোমবার ঝগড়া করে সে চাচার বাসায় (একই এলাকায়) চলে যায়। প্রায়ই ঝগড়া হলে এভাবে চাচার বাসায় চলে যায়, সেখানে থেকে আসে। আমরা ভেবেছি, চাচার বাসা থেকে সে সকালে আসবে। এইপর্যন্ত আমাদের শেষ।’

 

তিনি আরও বলেন, ‘আজ ভোর ৫টায় পাশের বাসা থেকে ডাকাডাকি করে বলে, আমাদের ছাদে মানুষ লটকে আছে। তখন আমরা দৌড়ে ছাদে যাই। গিয়ে দেখি দুজনের ঝুলন্ত মরদেহ। আমি মরদেহ নিচে নামাতে চেয়েছিলাম। কিন্তু সবাই বলেন, পুলিশ আসুক।’

 

এক প্রশ্নের জবাবে রাজন বলেন, ‘তারা রাগ করে এমন কাজ করেছে। আমার যে বড় বোন রাণী, তার খুব বেশি রাগ। তার মাথায় সমস্যা আছে। সে ভালো মানুষ এলেও ঝগড়া করে, আত্মীয়স্বজন এলে ঝগড়া করে। ডাক্তার বলেছে, তার মাথায় সমস্যা, তাকে নিয়ে কেউ কোথাও যেও না।’

 

‘সে (রাণী) আমার আরেক বোনকে (ফাতেমা) নিয়ে মরার কথা বলেছিল। সে বলেছিল, মরবো যখন গা-ঘর জ্বালিয়ে মরবো। বিয়ের আলাপ আসায় তার হিংসে ঢুকেছে যে, আমি বিয়ে করবো কেন। তার মাথা গরম হয়ে যায়। সে নিজে নিজে ফাঁসি লাগিয়ে আমার বোনকে নিয়ে মরেছে।’

 

রাণী বেগম নবম শ্রেণি অবধি এবং ফাতেমা বেগম মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গেছে। তাদের পরিবারে পারিবারিক কলহ ‘লেগেই থাকতো’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

জানতে চাইলে নগরীর বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here