নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন ত্রেতা-সেলাররা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ইভ্যালির ক্রেতা-সেলাররা এ মানববন্ধন করেন।
অর্থ আত্মসাতের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) আদালতে উপস্থিত করা হবে।
মানববন্ধনে উপস্থিত ইভ্যালির গ্রাহক রানা বলেন, আমি প্রায় ৫ লাখ টাকার পণ্য অর্ডার দিয়েছিলাম। দেড় লাখ টাকার পণ্য পাওয়া বাকি রয়েছে। রাসেলকে মুক্তি দিলে সব কিছুর সমাধান হয়ে যাবে। প্রয়োজনে রাসেলকে আমরা আরও সময় দিব, তবুও তার মুক্তি চাই।
আরেক গ্রাহক নিলয় বলেন, আমরা সময় দিচ্ছি, আপনারা সময় কেন দিচ্ছেন না। রাসেলকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে আশা করি। রাসেলকে মুক্তি দিন, ই-কমার্সকে বাঁচতে দিন।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমি ইভ্যালির একজন গ্রাহক। আমি অনেক পণ্য ইভ্যালিতে অর্ডার করেছি। কিন্তু পণ্য এখনো হাতে পাইনি। রাসেল ও শামীমা মুক্তি পেলে পণ্যগুলো হয়তো হাতে পাব।’
গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ রাসেল ও শামীমাকে আদালতে পাঠাবে পুলিশ। গুলশান জোনের সহকারী কমিশনার নিউটন দাস বলেন, এ মামলায় রাসেল ও শামীমার নতুন করে আর রিমান্ড চাওয়া হবে না।
এদিকে ধানমন্ডি থানায় প্রতারণার অভিযোগে এ দুজনসহ ইভ্যালির ২০ কর্মকর্তার নাম উল্লেখ করে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় ধানমন্ডি থানা-পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে।
