এবার রাসেল দম্পতিকে ৭ দিনের রিমান্ডে চায় ধানমন্ডি থানা পুলিশ

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। গুলশান থানার মামলায় এ দম্পতির আর রিমান্ড চাওয়া হবে না। তবে অপর মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এ দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের বিষয়ে দুপুর ৩টার পর শুনানি অনুষ্ঠিত হবে।

 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘আমাদের থানায় যে মামলাটি হয়েছে, সেটাও গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

 

আজ মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে আজ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে তাদের।

 

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *