বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন এ অভিনেত্রী। বিয়ের পর নতুন স্বামীকে নিয়ে গিয়েছিলেন নিজ এলাকা রাজশাহীতে, ফিরেছেনও।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শুটিংয়ে অংশ নেন মাহিয়া মাহি। এফডিসিতে করেছেন বুবুজান সিনেমার দৃশ্যধারণ। এসময় নতুন স্বামী রাকিবকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মাহি।
শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি প্রকাশ করেন মাহি। যেখানে মাহিকে দেখা যায় বড় টেডি বিয়ার নিয়ে নানা ঢংয়ে ছবি তুলতে। ছবিগুলো তুলেছেন মাহির নতুন স্বামী রাকিব সরকার।
ফটো ক্রেডিটের কথা মাহি নিজেই জানিয়েছেন তার পোস্টের ক্যাপশনে। মাহি আরও লিখেছেন, ‘আমি অনেক খুশি গিফট পেয়ে কিন্তু ঘটনা হলো এটা ছবি তোলার কেমন স্টাইল।’
‘এটা ছবি তোলার কেমন স্টাইল’ কথাটি মাহি বলেছেন রাকিব সরকারকে। কারণ মাহির পোস্ট করা সাতটি ছবির একদম শেষ দুটি ছবিতে রাকিব সরকারকে দেখা গেছে মাহির ছবি তুলতে।
আর এই ছবি তোলার ভঙ্গি ছিল কিছুটা অদ্ভুত। মাহির পোস্ট করা ছবিতে দেখা যায়, মেঝেতে গড়াগড়ি খেয়ে মাহির ছবি তুলছেন রাকিব। এমন ভঙ্গি দেখেই মূলত মাহি তার ক্যাপশন লিখেছেন।
ছবির মন্তব্যের ঘরে রাকিব সরকার মাহিকে উদ্দেশ করে লিখেছেন, ‘তোমার খুশিতে আমি খুশি।’
রাকিব সরকারের পুরো নাম কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। এক সময় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন রাকিব। তূণমুল থেকে রাজনীতি শুরু করা রাকিব সরকারের রয়েছে অনেক সুনাম। গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকার। তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত। সেগুলোর মধ্যে গাড়ির শো-রুম, পরিবহন, রিসোর্ট, কাঁচা মালের আড়ৎ, জমিসহ আরো অনেক কিছু।
মাহি ও রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তানের জনক রাকিব। এরমধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা।
রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো। দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো। আর তাই ৯ বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি।
মাহির দ্বিতীয় বিয়ের খবরে অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন আবার কেউ কেউ তাকে বাঁকা চোখে দেখছেন। তবে কারো কটু দৃষ্টিতে কিছু যায় আসে না নায়িকার। তার মতে- তারা ভালো আছেন, ভালো থাকতে চান।
