নজর২৪ ডেস্ক- গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার।
শুক্রবার আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইভ্যালির প্রতিষ্ঠাতার যখন এ অবস্থা, তখনও থেমে নেই প্রতিষ্ঠানটির চটকদার অফার।
ইভ্যালির ফেসবুক পেজে শুক্রবার সকাল থেকে নতুন ‘ইভ্যালি টি-টেন, নামে অফার চালুর কথা বলা হয়েছে। এ অফারের অধীনে মাম পানি, স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬, আখতার ফার্নিচারের সোফা, বৈদ্যুতিক ফ্যান, মসলিন সালোয়ার কামিজ, হ্যান্ডওয়াশ, বাইকসহ নানা পণ্যের বিজ্ঞাপন দেখা গেছে।
অফারে বলা হয়েছে, মাত্র ১০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধে ১০ কার্যদিবসে পাওয়া যাবে পণ্য। ১০ শতাংশ অগ্রিম টাকা নিয়ে আবেদন করার পর কনফার্মেশন ম্যাসেজ পেলেই পণ্যের পুরো টাকা পরিশোধ করতে হবে। পুরো টাকা পরিশোধ করার ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হবে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ইভ্যালির ফেসবুক পেজে পোস্টটি দেওয়া হয়।
এ ছাড়াও ইভ্যালিতে সাইক্লোন অফার, আর্থকোয়াক অফার, ক্যাশব্যাক অফার, ক্যাশ অন ডেলিভারি, প্রায়োরিটি স্টোর অফার, টি-ফাইভ, ট্রি-থ্রি ও ব্র্যান্ডেড ল্যাপটপ অফার চলছে।
শুক্রবার সকালে ইভ্যালির ফেসবুক পেজে নতুন করে অফার দেওয়া হয়েছে, পানির দামে ব্র্যান্ডেড ল্যাপটপ কেনার আজই শেষ দিন! ইভ্যালির গ্র্যান্ড ব্র্যান্ড মেলায় লেনোভোর (Lenovo) আকর্ষণীয় ও জনপ্রিয় (Attractive & Popular) ল্যাপটপে ৭০ শতাংশ ক্যাশব্যাক অফার! অফার চলবে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। স্টক সীমিত, তাই পছন্দের ল্যাপটপটি বুঝে নিতে অর্ডার করতে হবে দ্রুত!
ফেসবুকে ‘ইভ্যালি টি-টেন’ অফারের পোস্টে প্রতারণা নিয়ে নানা মন্তব্য করেছেন গ্রাহকরা। অনেকে তাদের পণ্য চেয়ে মন্তব্য করেছেন। ধ্রুব সরকার নামে এক গ্রাহক মন্তব্য করেছেন, ‘এই পানি যে অর্ডার দেবে, সে পিপাসায় মারা যাবে।’
ইমরান হোসেন রাব্বি রাজ লেখেন, ‘ইভ্যালির সিইও গ্রেফতার হওয়ার পরও কোন পাগল অর্ডার দেবে’। রাসেল আহমেদ নামে এক গ্রাহক মন্তব্য করেন ৫ জুনের অর্ডার ছিল, এখনো আপডেট নেই
