নির্বাচন দেখতে রাশিয়া গেলেন সিইসি নুরুল হুদা

নজর২৪, ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাতদিনের সফরে রাশিয়া গেছেন। রাশিয়ায় অবস্থানরত সময়ে তিনি দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামও সফরে গেছেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে ইসির সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারের পাঠানো এক চিঠি থেকে জানা গেছে, তারা ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে বিকেল সাড়ে ৫টায় দেশে ফিরবেন।

 

ইসি থেকে জানা গেছে, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *