নজর২৪, ঢাকা- ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাপারে আর দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-ভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না উল্লেখ করে হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।’
প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউ কম, আদিয়ান মার্ট, নেট.কম এবং আলেশা মার্টের বিষয়ে মন্ত্রণালয় একই পদক্ষেপে যাবে উল্লেখ করেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সেলের প্রধান হাফিজুর রহমান।
এদিকে ই-কমার্স ইস্যুতে সদ্য গৃহীত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি।
স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল বলেন, ‘আমাদের যে অর্থ ঘাটতি সেটি নিতান্তই বিজনেস ডেভেলপমেন্ট পিছনে খরচ হয়েছে। যেহেতু অর্থ পাচার অথবা মানি লন্ডারিং এর কোন সম্ভাবনা নাই, অতএব বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ওনারা জনগণের স্বার্থ চিন্তা করে সকল সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সব সময়ই তদন্তকে স্বাগত জানাই।’
এসময় অপরাধ তদন্তের পূর্বে অপরাধী বলে কোন নিউজ না করতে মিডিয়ার প্রতি অনুরোধ করেন ইভ্যালির এমডি।
