বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি ঘর বেঁধেছেন শোনা গেলেও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন মাহি।
অবশেষে রোববার দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি নিজেদের কাবিনের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
এর আগের সব কথা আসলেই গুজব ছিল উল্লেখ করে মাহি সবার দোয়া কামনা করেন।
এদিকে, মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপু। তিনি গণমাধ্যমে বলেন, মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা।
তিনি বলেন, মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি।
উল্লেখ্য, অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
